নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশের ওয়ালটনের আড়াইশো শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার অংশ নেন। এই আয়োজনের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ওয়ালটনের বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা।
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অংশীজনরা।
শনিবার (২ মে) প্রেস রিলিজে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
তিনি বলেন, “আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি। ওয়ালটন ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে আমাদের এই অগ্রগতি আমাদের পণ্যের সবার গ্রহণযোগ্যতা ও মানের প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বজুড়ে ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নেপাল পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রণীল থাপা, পরিচালক প্রনিম থাপা এবং জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখরেল। এছাড়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যানের বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জহিরুল হক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রধান মো. ফিরোজ আলম এবং ওয়ালটন ফ্রিজ বিভাগের প্রধান বিজনেস অফিসার মো. তাহসিনুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে নতুন উদ্ভাবনী প্রযুক্তির হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, যা নেপালের বাজারে বিশেষভাবে জনপ্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It