1. news@gmail.com : news :

অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

  • Update Time : Sunday, December 28, 2025

সাবেক প্রধানমন্ত্রী ও ম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। প্রথমে কেবিনে, পরে সিসিইউ এবং বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে- এমন কথা বলা যাবে না। বরং তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত অতিক্রম করছেন। চিকিৎসা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। মায়ের শয্যাপাশে তাঁরা দীর্ঘ সময় অবস্থান করেন বলেও জানান ডা. জাহিদ।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য তারেক রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশের মানুষ সব সময় তাঁর জন্য দোয়া করছেন- এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের নিরলস দায়িত্ব পালনের জন্যও ধন্যবাদ জানান।

হাসপাতালে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, এখানে ভর্তি কোনো রোগীর চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।

তিনি জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It