সন্দেহভাজন চীনা ‘গুপ্তচর’ ও ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত প্রেমের সম্পর্ক নিয়ে বর্তমানে ব্যাপক চাপে আছেন বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনডিভিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এর মধ্যেই আরও একটি পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে তার।
গতকাল (বুধবার) এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য নিউয়র্ক টাইমস জানিয়েছে, হুয়াং কোম্পানিরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। কোম্পানির পদক্রম অনুসারে কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন।
এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন-কিম্বার্লির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কোম্পানির দুজন সাবেক কর্মী দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে বলেও জানিয়েছেন ওই দুই কর্মী। তারা নিজেরা এই ভিডিওটি দেখেননি বলে দাবি করেছেন।
এই সম্পর্কের খবরটি এনভিডিয়ার কর্মপরিবেশ সংক্রান্ত নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছে। কোম্পানির আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে, যা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করতে পারে। এই স্বার্থের সংঘাতে ব্যক্তিগত সম্পর্কও অন্তর্ভুক্ত রয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, এনভিডিয়া যেকোনো অসদাচরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা তদন্ত করে। অনেক বড় কর্পোরেশনেই ব্যবস্থাপক এবং তাদের অধীনে কর্মরত কর্মীদের মধ্যে সম্পর্ক স্থাপনের ওপর বিধিনিষেধ রয়েছে।
পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে কোম্পানির চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকির দায়িত্বে আছেন।
এই নতুন তথ্য এমন সময়ে সামনে এল, যখন হুয়াং অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে রয়েছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যার লক্ষ্য বা মিশন ছিল যুক্তরাষ্ট্রের অগ্রসর এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ।
গত মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছিল যে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। বেইজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
পরবর্তীতে, এনভিডিয়ার বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না, তবে তিনি ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। তারপর কোম্পানির বোর্ড বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি ল’ ফার্মকে দায়িত্ব দিয়েছে। এছাড়া, মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ বিষয়ে তার কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।









Leave a Reply