1. news@gmail.com : news :

নাহিদকে শুভকামনা জানিয়ে ঢাকা-১১ আসন ছাড়লেন জামায়াতের আতিক

  • Update Time : Monday, December 29, 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে সদ্য যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আতিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, বৃহত্তর ঐক্য ও রাজনৈতিক সমঝোতার স্বার্থে ঢাকা-১১ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আতিকুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি গত প্রায় ১০ মাস ধরে ঢাকা-১১ (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) এলাকায় ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার দাবি অনুযায়ী, এলাকাটিতে জামায়াতে ইসলামীর পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন তৈরি হয়েছিল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই সিদ্ধান্তকে তিনি ‘একটি বড় দায়িত্ব থেকে মুক্তি’ হিসেবে দেখছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের নির্দেশনার পর থেকে তিনি ইসলামী আন্দোলনের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততা উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রামপুরা ও বাড্ডা এলাকার মানুষ তাকে যে ভালোবাসা ও আপনজনের মতো গ্রহণ করেছে, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য জানিয়ে তিনি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আতিকুর রহমানের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা তার রাজনৈতিক ত্যাগ ও দলীয় শৃঙ্খলার প্রতি আনুগত্যের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে নারী কর্মী ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা রোদে পুড়ে ও রাত জেগে প্রচারণায় অংশ নিয়েছেন, তাদের অবদান তিনি আজীবন স্মরণ করবেন।

তিনি আরও বলেন, প্রচারণার সময় অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

এই আসন ছাড়ার সিদ্ধান্ত আসে জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ার প্রেক্ষাপটে। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই নতুন রাজনৈতিক সমন্বয়ের ঘোষণা দেন।

জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। ফলে দীর্ঘদিনের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা সত্ত্বেও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It