1. news@gmail.com : news :

জামালপুর-৩ আসন বিএনপি থেকে পদত্যাগ করে হাতপাখার প্রার্থী হচ্ছেন আনসারী

  • প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে হাতপাখা প্রতীকের মনোনয়ন।

আজ রোববার (২৩ নভেম্বর) ঢাকায় ইসলামী আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আনসারীর হাতে হাতপাখা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

এর আগে ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। পরে গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগ দেন।

মেলান্দহ মাদারগঞ্জ এলাকায় এত দিন হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম। তবে মাঠ পর্যায়ের জরিপ, তৃণমূলের মতামত এবং কেন্দ্রীয় পর্যায়ের মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন, বাংলাদেশ।

জানতে চাইলে ইসলামী আন্দোলন মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, মাঠের বাস্তব চিত্র, জরিপ প্রতিবেদন ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় কেন্দ্র নতুন সিদ্ধান্ত নিয়েছে। এই আসনে তিনিই (আনসারী) প্রার্থী হবেন বলে আমরা মনে করছি।

অপরদিকে পূর্বের ঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তই সর্বোচ্চ। আমি শুরু থেকে হাতপাখার পক্ষে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দলের জন্যই কাজ করি।

ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকায়। তিনি একসময় জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্যও ছিলেন তিনি। জামালপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবেও কাজ করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It