1. news@gmail.com : news :

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার

  • Update Time : Sunday, March 8, 2026

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশি প্রবাসী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ বৈদেশিক কর্মসংস্থান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বর্তমানে এসব দেশে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ বাংলাদেশি কর্মরত। গত বছর একক দেশ হিসেবে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে, যেখানে মোট কর্মসংস্থানের প্রায় ৬৭ শতাংশই ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নতুন কর্মসংস্থান কমে যাওয়া এবং অনেক কর্মীর চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

অভিবাসন বিশ্লেষক আসিফ মুনির বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে দুইভাবে প্রভাব পড়তে পারে। যারা নতুন করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ইতোমধ্যে সেখানে কর্মরত—উভয় ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই শুধু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর না করে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

শ্রম ও অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, যুদ্ধ দীর্ঘ হলে অনেক কর্মী চাকরি হারাতে পারেন এবং তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজন হতে পারে। আবার যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের যাত্রাও বিলম্বিত হতে পারে। ফলে অভিবাসন খাতে বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

এদিকে যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। বিশ্লেষকদের মতে, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা কর্মীদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং জরুরি পরিস্থিতিতে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব কর্মী বিভিন্ন কারণে আটকে পড়তে পারেন, তাদের ছুটি ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It