বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিম—ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মাধ্যমে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা হারে অর্থায়নের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৯ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যমুনা ব্যাংক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার নূর মোহাম্মদ এবং এসএমই বিজনেস প্রধান এন এইচ এম নুসরাত।
এই চুক্তির মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসি দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের স্বল্প মূল্যের পুনঃঅর্থায়ন সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে, যা সিএমএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It