1. news@gmail.com : news :

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা

  • Update Time : Thursday, October 1, 2026

রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিটের পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ স্কিমের আওতায় নতুন ঋণে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। এতে এ স্কিমের তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা হয়েছে। আর ইএফপিএফের অবশিষ্ট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকা।

নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। আর বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার বিপরীতে ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদ দিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, পুনঃঅর্থায়নের অর্থ নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে।

এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার আগেই প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নেওয়া অর্থ পুরোপুরি পরিশোধ বা আংশিক সমন্বয় করা যাবে। অর্থাৎ ব্যাংকগুলো আগাম পরিশোধ বা আংশিক সমন্বয়ের সুযোগ পাবে।

এ স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It