1. news@gmail.com : news :

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন এমডি ও সিইও আহসানুর রহমান

  • Update Time : Thursday, October 1, 2026

ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আহসানুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুঁজিবাজারে ১৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহসানুর রহমান এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও ছিলেন তিনি।

ব্র্যাক ইপিএলে দায়িত্ব পালনকালে ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যক্রমের আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা চালুর কাজে নেতৃত্ব দেন আহসানুর রহমান। এসময় প্রতিষ্ঠানটির শাখা নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেন। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ প্ল্যাটফর্ম ও বিকাশের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়ের উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি।

এর আগে স্থানীয় ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং বিক্রয় ও ট্রেডিং কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বৈশ্বিক বিনিয়োগ তহবিল, আন্তর্জাতিক ব্রোকার ও দেশীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি লন্ডন, হংকং ও সিঙ্গাপুরে বিভিন্ন বিনিয়োগকারী সম্মেলন ও আন্তর্জাতিক রোডশোতে অংশ নিয়েছেন।

আহসানুর রহমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব ও ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণও সম্পন্ন করেছেন তিনি।

তার নেতৃত্বে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড বিএসইসির ‘ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।

নতুন দায়িত্বে পুঁজিবাজারে তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক ব্যবসা পরিচালনা এবং ডিজিটাল রূপান্তরের দক্ষতা কাজে লাগিয়ে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবসা সম্প্রসারণ ও সেবার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It