বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ ও আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং দপ্তর সম্পাদক হয়েছেন সালেহ উদ্দিন সিফাত ও তরিকুল ইসলাম।
এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।
আগামীকাল শুক্রবার সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে।
দলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত ১১০ জনের বেশি যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন নেতারা। এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও।
ঘোষণাপত্রে থাকবে জুলাই আন্দোলনের মূল চেতনা। নতুন দলের এই মঞ্চ থেকেই আসবে গণপরিষদ নির্বাচনের দাবি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply