চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে এক বিলিয়ন ডলারের বেশি (১০২ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ১২ হাজার ৫৫৪ কোটি টাকা। এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। আর চলতি মাসের প্রথম ৯ দিনে এসেছে ১০২ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশীরা আরও রেমিটেন্স পাঠাবেন বলে জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। গত বছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার।
এর আগে, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।
এ ছাড়া জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It