জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি করছে একটি চক্র—এমন তথ্য জানিয়েছে এনবিআর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে এনবিআরের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতারক চক্রটি এর আগেও একই কৌশলে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করেছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
এ প্রেক্ষাপটে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনও সন্দেহজনক নম্বর থেকে অর্থ লেনদেন না করা এবং এ ধরনের ঘটনার মুখোমুখি হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।