1. news@gmail.com : news :

বিবাহ ও মোহর আদায়ে সঞ্চয়ের সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক

  • Update Time : Wednesday, June 25, 2025

বিবাহ একটি পবিত্র বন্ধন। এই বন্ধন সুন্দরভাবে সম্পন্ন করা এবং বিবাহ পরবর্তী মোহর আদায় সহজ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চালু করেছে দুটি বিশেষ সঞ্চয়ী হিসাব—মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট।

বুধবার (২৫ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব, যা মূলত বিবাহের খরচ নির্বাহের উদ্দেশ্যে খোলা হয়। প্রাপ্তবয়স্ক যুবক বা অভিভাবকরা এ হিসাব খুলতে পারেন। মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণযোগ্য। মেয়াদ ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত।

এই হিসাব থেকে ইসলামিক শরিয়াহ মোতাবেক বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা দেওয়া হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়। বর্তমানে ব্যাংকটিতে ৫৩ হাজারের বেশি বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।

মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট মোহর আদায়ের জন্য পরিকল্পিতভাবে সঞ্চয় করতে ইচ্ছুক পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী বা প্রবাসী পুরুষ এই হিসাব খুলতে পারেন। মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়। মেয়াদ ৫ বছর অথবা ১০ বছর।

বিবাহেচ্ছুদের জন্য কিস্তির পরিমাণ নির্ধারিত হয় লক্ষ্যমাত্রা অনুযায়ী এবং বিবাহিতদের জন্য কাবিননামায় উল্লেখিত মোহরানার ভিত্তিতে। বর্তমানে ব্যাংকে ৫২ হাজার মোহর সেভিংস অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে।

জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের ২ কপি ছবি, বিবাহ সেভিংস অ্যাকাউন্টের জন্য নমিনীর এক কপি ছবি এবং মোহর হিসাবের জন্য স্ত্রীর ২ কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) দিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে এই হিসাব খোলা যায়।

এছাড়া সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এমক্যাশ ইত্যাদির মাধ্যমে ঘরে বসেই কিস্তির টাকা জমা দেওয়া যায়। চাইলে গ্রাহক শাখায় বিশেষ নির্দেশনা দিয়ে রেখে মাসিক কিস্তি স্বয়ংক্রিয়ভাবে জমাও করতে পারেন। অগ্রিম কিস্তি জমার সুযোগও রয়েছে।

বর্তমান সময়ে বিবাহ সংক্রান্ত ব্যয় বাড়ছে। একই সঙ্গে মোহর আদায়ে শরিয়তের নির্দেশনা থাকা সত্ত্বেও সমাজে এটি বাস্তবায়ন খুবই দুর্বল। ইসলামী ব্যাংকের এই দুই সঞ্চয়ী হিসাব গ্রাহকদের পরিকল্পিত সঞ্চয় ও শরিয়তসম্মত দায়িত্ব পালনে সহায়তা করছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হিসাবগুলো ইতোমধ্যে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আরও সহজতর ও বিস্তৃতভাবে এই সেবা পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It