1. news@gmail.com : news :

৭৬ কোম্পানির মধ্যে ইপিএস কমেছে ৩৯টির, বেড়েছে ৩৫টির

  • Update Time : Monday, November 16, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬টি কোম্পানির মধ্যে ৩৯টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। বিপরীতে বেড়েছে ৩৫টির। অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির ইপিএস। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক ফলাফল পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, পর্যালোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশের ইপিএস কমেছে। বেড়েছে ৪৬ দশমিক ৫ শতাংশের। বাকি ২ দশমিক ৬৩ শতাংশ কোম্পানির ইপিএস অপরিবর্তিত রয়েছে।

যেসব কোম্পানি গত বছরের একই প্রান্তিক এবং চলতি প্রান্তিক—উভয় সময়েই মুনাফায় ছিল, সেগুলোর মধ্যে ২৬টির ইপিএস বেড়েছে। কমেছে ২২টির। এদিকে আগের বছর লোকসানে থাকলেও চলতি প্রান্তিকে মুনাফায় ফিরেছে তিনটি কোম্পানি। এগুলো হলো জেএমআই সিরিঞ্জ, পেনিনসুলা চিটাগাং ও রহিমা ফুড।

অন্যদিকে গত বছরের প্রথম প্রান্তিকে মুনাফায় থাকলেও এবার লোকসানে পড়েছে সাতটি কোম্পানি। এগুলো হলো সিভিও পেট্রোকেমিক্যাল, খুলনা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, ফার কেমিক্যাল ও এসিআই।

এ ছাড়া ছয়টি কোম্পানির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এগুলো হলো সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, সাফকো স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ও সিলভা ফার্মা। বিপরীতে ১০টি কোম্পানির লোকসান বেড়েছে।

ইপিএসের শতকরা পরিবর্তনের হিসাবে, দুই প্রান্তিকেই মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ০.০০৫ টাকা। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ০.৩৩ টাকা। এতে ইপিএস বেড়েছে ৬ হাজার ৫০০ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে বেশি কমেছে এসিআই ফরমূলেশনসের ইপিএস। গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১.৮৫ টাকা। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ০.২২ টাকা। অর্থাৎ ইপিএস কমেছে ৮৮ দশমিক ১১ শতাংশ।

সামগ্রিকভাবে কোম্পানিগুলোর আর্থিক ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। একদিকে ৩৫টি কোম্পানির ইপিএস বাড়লেও ৩৯টির কমেছে। অন্যদিকে সাতটি কোম্পানি মুনাফা থেকে লোকসানে চলে গেছে এবং ১০টি কোম্পানির লোকসান আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It