নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিক আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) উপদেষ্টা মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু।
রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা, সময়মতো উৎপাদন এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে সব ধরনের নিট ফেব্রিকের চাহিদা ও মানের প্রয়োজন সবসময় পূরণ করা সম্ভব নয়।
তাই শিল্পের বাস্তবতা বিবেচনায় নিয়ে আমদানি নিষেধাজ্ঞার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা জরুরি বলে তিনি মনে করেন। অন্যথায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এবং বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর।
বিজিবিএর উপদেষ্টা বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দেশের রপ্তানি ও শিল্পখাতের স্বার্থে নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকের ওপর আমদানি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল করা হোক।’
নতুন আমদানি নীতি আদেশে নিটওয়্যার রপ্তানিকারকদের ব্যবহৃত নিট ফেব্রিক আমদানির সুযোগ বন্ধ করেছে সরকার। এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে পড়েছেন খাতটির রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, সিদ্ধান্তটি কার্যকর হলে নিট পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমদানি নীতি আদেশের এ বিধান বাতিলের দাবি জানিয়ে পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) গত ১ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply