মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। এ প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।
এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও জানান তিনি। এ কর্মীদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যয় বহন করতে হবে না।
প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ১০ হাজার শ্রমিককে বিনা খরচে নেওয়ার বিষয়টিও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।
এ সময় পাশে থাকা এক প্রতিনিধি এ প্রক্রিয়াকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন। প্রতিমন্ত্রীও জানান, এই ১০ হাজার শ্রমিকের ক্ষেত্রে কোনো খরচ থাকবে না।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আনার বিষয়ে দেওয়া চিঠি নিয়েও সাংবাদিকরা জানতে চান। তবে বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply