চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
চুক্তির আওতায় চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে অর্থায়ন করা হবে।
সরকার আশা করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশে তেল পরিশোধন সক্ষমতা বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
এক দশকেরও বেশি সময় ধরে আলোচনায় থাকা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পটি নানা জটিলতায় দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে। দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এর ফলে পরিশোধিত জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের ওঠানামার প্রভাব মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের অংশ হিসেবে আইএসডিবি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের সফরকালে ঋণচুক্তিটি সই হলো। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং বাংলাদেশের সরকারি উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আসেন তিনি।
এর আগে আজারবাইজানের বাকুতে গত জুনে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১০০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রামে ১৯৬৮ সালে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই শোধনাগারের দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা প্রথম করা হয় ২০১০ সালে।
তবে অর্থায়ন, প্রকল্প বাস্তবায়নসহ নানা জটিলতায় প্রকল্পটি বারবার পিছিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো, পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর নির্ভরতা কমানো এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তা জোরদারে প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply