1. news@gmail.com : news :

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

  • Update Time : Monday, July 20, 2026

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে উঠেছে। গত সপ্তাহে এ সূচকেও ১৫ দশমিক ৫ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কাই তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে। আইএনজির বিশ্লেষকরা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ না থাকায় ব্রেন্টের দাম ৯০ ডলারের ওপরে উঠে গেছে।

গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইনও ইরানের হামলার খবর জানিয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির একটি অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ বিস্ফোরণের ঘটনায় অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। অন্যদিকে, ইরান দাবি করছে, প্রণালির নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করছে।

বিশ্বের মোট সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথে যেকোনো ধরনের অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সোমবার ওমানের কুমজার এলাকার উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বার্কলেজের বিশ্লেষক অমরপ্রীত সিংয়ের মতে, আগামী কয়েক সপ্তাহে নতুন করে সৃষ্ট অবরোধ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে কতটা তেল রপ্তানি সম্ভব হবে, সেটিই বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর মতে, সম্ভাব্য সরবরাহ সংকটের পুরো প্রভাব এখনো বাজার মূল্যে প্রতিফলিত হয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের আটটির তুলনায় অর্ধেক। এছাড়া শুক্রবারের পর থেকে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার এবং একটি বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ এই পথ দিয়ে তেল সংগ্রহের জন্য প্রবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It