1. news@gmail.com : news :

২০২৫ সালে ইউসিবির আমানত প্রবৃদ্ধি ২৩%

  • প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬

দেশের বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ২০২৫ সালে আমানত সংগ্রহে ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে ঋণ ও বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।

বছর শেষে ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত ৮ দশমিক ৩ শতাংশ কমে ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাত কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও নিজেদের এ অগ্রগতিকে পাল্টে যাওয়ার বছর হিসেবে দেখছে দেশের প্রথম প্রজন্মের এ বাণিজ্যিক ব্যাংক।

ইউসিবির ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে, ব্যাংকটির মোট আমানত ছিল ৫৫ হাজার ৪২২ কোটি টাকা। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশিত না হলেও ব্যাংক সূত্রে জানা গেছে, এ বছর ইউসিবির আমানত ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৬৮ হাজার ৩৯৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ শতাংশ আমানতই ছিল রিটেইল গ্রাহকের। প্রায় ১৩ হাজার কোটি টাকার এ প্রবৃদ্ধি ইউসিবির এক বছরে সর্বোচ্চ আমানত সংগ্রহ বলে জানা গেছে। এ সময়ে ব্যাংকটির ঋণ ও বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। ২০২৪ সালে ইউসিবির মোট ঋণ ও বিনিয়োগের আকার ছিল ৫৭ হাজার ২৮৩ কোটি টাকা; যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৮৯ কোটি টাকায়।

ব্যবসা বাড়লেও পরিচালন ব্যয় আগের বছরের চেয়ে কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি। ২০২৫ সালে প্রায় ২ শতাংশ জনবল বাড়লেও পরিচালন ব্যয় কমেছে প্রায় ৯৭ কোটি টাকা। গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো লাভজনক অবস্থানে পৌঁছায় ইউসিবির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। উপশাখাগুলোর গড় আমানত সাড়ে ১২ কোটি থেকে ২০ কোটি টাকায় উন্নীত হয়েছে। ইসলামী ব্যাংকিং কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ব্যাংকটির শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে আমানত ও বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৬৩ ও ১৪৫ শতাংশ।

ইউসিবির আমানতের বিপরীতে ঋণ বিতরণের হারেও (এডিআর) অগ্রগতি হয়েছে। ২০২৪ সালে ৯১ দশমিক ৩ শতাংশ এডিআরের পরিবর্তে ২০২৫ সালে তা ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। এক্ষেত্রে এডিআর কমেছে ৮ দশমিক ৩ শতাংশ।

ইউসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন হিসাব খোলা হয়েছে ব্যাংকটিতে। এর মধ্যে ৩ লাখ ৬৫ হাজার সঞ্চয়ী ও চলতি হিসাব। এছাড়া খেলাপি ঋণের পরিমাণ কমেছে প্রায় ৪ শতাংশ। অবলোপনকৃত ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে। ঋণখেলাপিদের বিরুদ্ধে এক হাজারের বেশি নতুন মামলা দায়েরসহ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া গত বছর ব্যাংকটির মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ইউসিবির এ অগ্রগতি নিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘‌পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিবি ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি সূচকে উন্নতি ঘটেছে। এটি আমাদের জন্য পাল্টে যাওয়ার বছর। আর তা সম্ভব হয়েছে আমাদের সহকর্মীদের আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই। আশা করছি, আগামী দিনগুলোতে ইউসিবি আরো ভালো অবস্থানে পৌঁছবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It