সততা, পেশাদারিত্ব, সুশাসন ও দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনার অঙ্গীকার নিয়ে এক দশকের সফল পথচলা উদযাপন করেছে দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বিনিয়োগকারীদের স্বার্থ ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদার সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মিউচুয়াল ফান্ড খাতে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২-এর সিক্স সিজনস হোটেলে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের মূল বক্তব্যে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান প্রতিষ্ঠানের এক দশকের পথচলায় সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও বিনিয়োগকারীদের আস্থাকে প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশে ক্যাপিটেক ভবিষ্যতেও কাজ করে যাবে।
এক দশকের পথচলায় ক্যাপিটেকের কার্যক্রমে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন বিনিয়োগসেবা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তিনটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড ও একটি ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এসব ফান্ডের নিয়মিত নিট সম্পদমূল্য (এনএভি) প্রকাশ এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন তথ্য সরবরাহের বিষয়টি উল্লেখ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ক্যাপিটেক পরিচালিত ফান্ডগুলোর লভ্যাংশ প্রদানও বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই অর্থবছরে ফান্ডটি ১৬ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের অর্থবছরের ৫ কোটি ২৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ৯ শতাংশ এবং ক্যাপিটেক পদ্মা পি.এফ. শরিয়াহ ইউনিট ফান্ড ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। অন্যদিকে ক্যাপিটেক-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড ২০২৫ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এর আগে ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শ্রেণিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘ইন্ডিপেন্ডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড’-এ প্রথম স্থান অর্জন করে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। ২০২৩ সালের জুলাইয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাপিটেকের সাম্প্রতিক কার্যক্রমে নতুন বিনিয়োগ পণ্য ও মিউচুয়াল ফান্ডের পরিধি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নিয়মিত তথ্য প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ফান্ডগুলোর এনএভি, আর্থিক বিবরণী, পোর্টফোলিও এবং লভ্যাংশের ইতিহাস প্রকাশ করা হচ্ছে।
১০ম বর্ষপূর্তির এই আয়োজনে চেয়ারম্যান হাসান রহমান বলেন, ক্যাপিটেকের দীর্ঘ পথচলার পেছনে বিনিয়োগকারী, নীতিনির্ধারক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা এবং সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সেবার মান অক্ষুণ্ণ রেখে বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশে ক্যাপিটেক কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply