1. news@gmail.com : news :

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

  • Update Time : Wednesday, November 25, 2026

চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) চাকরির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বেকার যুবকরা। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকরা চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের জন্য প্রচার চালানোর বিষয়টিও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হচ্ছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।

বিক্ষোভকারীদের প্রতিনিধি ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. নাজিম উদ্দীন বলেন, ‘সকাল থেকেই আমাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। মূল দাবি ছিল দুটি—প্রতিষ্ঠানটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকরা সেখানে জড়ো হন।’

তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিটের বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’

এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, ‘সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা মূল সড়কে অবস্থান নেননি, কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। তাই যানজটের সৃষ্টি হয়নি।’

জানতে চাইলে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, ‘দুই মাস আগে থেকেই কারখানা চালুর প্রস্তুতি হিসেবে নারী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে কর্মী খোঁজা হচ্ছে। কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। এখন সবকিছু সমাধান হয়ে গেছে।’

উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) রাতে আনোয়ারা উপজেলার দৌলতপুর ফাজিলখাঁর হাটে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ বিষয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানেও চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও চাকরিপ্রার্থীরাও নিয়োগপ্রক্রিয়ায় এলাকার যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It