1. news@gmail.com : news :

সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান

  • Update Time : Tuesday, November 24, 2026

দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদান এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

এ পুরস্কার সাব্বির হাসান নাসিরের দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশে তার ভূমিকার স্বীকৃতি। তার নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। একই সঙ্গে ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।” এ অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অসংখ্য ক্রেতার অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

নিজের কর্মজীবনের শুরুর দিকের কথা স্মরণ করে তিনি জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তাকে নেতৃত্বের ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করতে শিখিয়েছে।

সাব্বির হাসান নাসিরের মতে, স্বপ্নের লক্ষ্য শুধু একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনেও ভূমিকা রাখা। এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকের জীবনমান উন্নয়ন এবং সমাজে উপেক্ষিত মানুষের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

নেতৃত্বের মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, “সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কমিয়ে না দেয় এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে।” বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতেও মূল্যবোধ ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It