1. news@gmail.com : news :

এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল

  • Update Time : Monday, November 23, 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতনের প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। টানা বিক্রির চাপে বাজারে অস্থিরতা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও চীন। তবে বাজার স্থিতিশীল করতে দেশ তিনটি ভিন্ন কৌশল অনুসরণ করছে। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান জল্পনাভিত্তিক লেনদেন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে। অন্যদিকে চীন শেয়ার কেনায় ঋণ নেওয়ার সুযোগ বাড়াচ্ছে।

রোববার (২২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল তাৎক্ষণিকভাবে সক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার উদ্যোগে গঠিত এই তহবিলের আকার ১০ দশমিক ৭৬ ট্রিলিয়ন ওন, যা প্রায় ৮০০ কোটি ডলারের সমান। বাজারে বড় ধরনের দরপতন হলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তহবিলটি ব্যবহার করা হয়।

এ ছাড়া আগামী ২৪ নভেম্বর থেকে তিন মাসের জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার কেনার দৈনিক আদেশের সীমা শিথিল করার পরিকল্পনা করেছে সরকার। অবৈধভাবে শেয়ার বিক্রি ঠেকাতে বিশেষ নিবিড় নজরদারি কার্যক্রমও শুরু হবে। পাশাপাশি মার্জিন ঋণ এবং বাধ্যতামূলক শেয়ার বিক্রির বিষয়েও নজরদারি বাড়াবে নিয়ন্ত্রক সংস্থাগুলো।

২০২৬ সালে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা দেখা গেছে। দেশটির প্রযুক্তি খাতের দুই বড় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ এবং পরবর্তী সময়ে বিক্রির চাপ বাজারকে অস্থির করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিষ্ঠান দুটির।

দেশটির প্রধান সূচক কসপি গত জুনের সর্বোচ্চ অবস্থান থেকে ৪৬ শতাংশের বেশি কমে গেছে। সাম্প্রতিক দরপতনে সূচকটি এখন দীর্ঘমেয়াদি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে, বৈশ্বিক এআই ও সেমিকন্ডাক্টর শিল্পের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির কারণে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শেয়ারবাজারেও অস্থিরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এআই শিল্পের মধ্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা এখনো অক্ষুণ্ন রয়েছে বলে মনে করছে দেশটির সরকার। এ কারণে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই বলেও জানিয়েছে তারা।

এদিকে এআই শিল্পের সঙ্গে তাইওয়ানের পুঁজিবাজারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারে দরপতনের প্রভাব বাজারে পড়েছে।

এ পরিস্থিতিতে বাজারের অস্থিরতা কমাতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির আর্থিক তদারকি কমিশন। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, আগের দিনের সমাপনী দরের চেয়ে কম দামে শেয়ার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সিকিউরিটিজ ও ফিউচারস কোম্পানিগুলো ঝুঁকি সামাল দেওয়ার উদ্দেশ্যে এ নিয়মের বাইরে থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিনিয়োগকারীরা আগের কার্যদিবসের সমাপনী দরের চেয়ে কম দামে তালিকাভুক্ত বা ওভার দ্য কাউন্টার শেয়ার এবং তাইওয়ান ডিপোজিটরি রিসিপ্ট বিক্রি করতে পারবেন না। একই সঙ্গে শর্ট সেলিংয়ের ক্ষেত্রে মার্জিনের শর্ত কঠোর করা হবে। নতুন ওয়ারেন্ট তালিকাভুক্তির জন্য সিকিউরিটিজ কোম্পানিগুলোর আবেদন গ্রহণও স্থগিত রাখবে নিয়ন্ত্রক সংস্থা।

দক্ষিণ কোরিয়ার মতো তাইওয়ানও তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিজস্ব শেয়ার কিনতে উৎসাহিত করছে। ২০২৬ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে এ ধরনের শেয়ার কেনা সম্পন্ন হলে তা কোম্পানির পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনসংক্রান্ত মূল্যায়নে অন্তর্ভুক্ত করা হবে।

তাইওয়ানের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রভাব অনেক বেশি। বিশেষ করে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারের দর গত সপ্তাহে ১৫ শতাংশ কমেছে। একই সময়ে দেশটির প্রধান শেয়ারসূচক কমেছে ১৭ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান যখন জল্পনাভিত্তিক লেনদেন নিয়ন্ত্রণ করে বাজারের পতন ঠেকানোর চেষ্টা করছে, তখন চীন পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ঋণনির্ভর শেয়ার কেনার সুযোগ সম্প্রসারণ করছে।

রোববার সাংহাই স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে সাংহাই, শেনজেন ও বেইজিং স্টক এক্সচেঞ্জে মার্জিন অর্থায়নে শেয়ার কেনার ন্যূনতম মার্জিন অনুপাত ১০০ শতাংশ থেকে কমিয়ে ৮০ শতাংশ করা হবে। এর ফলে বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য আরও বেশি অর্থ ঋণ নিতে পারবেন।

এ ছাড়া সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জ লেনদেন ফি কমানোর ঘোষণা দিয়েছে। শেনজেন এক্সচেঞ্জের চিয়েনেক্সট বোর্ডে বাজার সৃষ্টিকারী ব্যবস্থা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাজারে তারল্য বাড়ানোর লক্ষ্য নিয়েছে চীনা কর্তৃপক্ষ।

এআই ও প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের প্রভাব চীনের বাজারেও পড়েছে। দেশটির প্রধান সূচক সিএসআই ৩০০ গত ১৫ সপ্তাহের মধ্যে ১৪ সপ্তাহেই নিম্নমুখী ছিল।

সোমবার এশিয়ার বাজারে দরপতনের দিক থেকে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটির কসপি সূচক ৩ দশমিক ২৬ শতাংশের বেশি কমেছে। চীনের সিএসআই ৩০০ সূচক কমেছে শূন্য দশমিক ৭১ শতাংশ। তবে দিনের শুরুতে দরপতন হলেও পরে ঘুরে দাঁড়িয়ে তাইওয়ানের প্রধান সূচক ২ শতাংশের বেশি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It