1. news@gmail.com : news :

৭০ বিলিয়ন ডলারের আইপিও পরিকল্পনা প্রত্যাহার করল অ্যানথ্রপিক

  • Update Time : Tuesday, November 10, 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রায় ৭০ বিলিয়ন ডলারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তথ্য ব্যাংকগুলোর কাছে পাঠানোর পর তা প্রত্যাহার করা হয়েছে। শেয়ার বিক্রির মূল্যসংক্রান্ত তথ্য ভুল ছিল জানিয়ে প্রতিষ্ঠানটি পরে সংশ্লিষ্ট ব্যাংকারদের ই-মেইল পাঠায়। একই সঙ্গে সংশোধিত তথ্য দিয়ে নথি হালনাগাদের কথা জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে অ্যানথ্রপিকের এক প্রতিনিধি ব্যাংকগুলোর কাছে পাঠানো নথিতে প্রায় ৮৬৭ মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা তুলে ধরেন। সেখানে প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৮০ ডলার। তবে এর কিছুক্ষণ পর পাঠানো আরেকটি ই-মেইলে প্রতিষ্ঠানটি জানায়, শেয়ারের দামসংক্রান্ত তথ্য সঠিক নয় এবং পরে নথিটি সংশোধন করা হবে।

অ্যানথ্রপিক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কোন তথ্য ভুল ছিল, তা-ও ব্যাংকারদের পাঠানো ই-মেইলে স্পষ্ট করা হয়নি। রয়টার্সও ভুলের নির্দিষ্ট জায়গাটি শনাক্ত করতে পারেনি।

প্রত্যাহার করা নথিতে বলা হয়েছিল, আইপিওতে মোট ৮৬৬ দশমিক ৭ মিলিয়ন ‘ক্লাস এ’ শেয়ার বিক্রি করা হবে। এর মধ্যে প্রতিষ্ঠানটি নিজে ৮৪৩ দশমিক ৩ মিলিয়ন শেয়ার ছাড়বে। বিদ্যমান শেয়ারধারীরা বিক্রি করবেন আরও ২৩ দশমিক ৩ মিলিয়ন শেয়ার। প্রস্তাবিত মূল্যসীমার সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি হলে এ আইপিও থেকে ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনা ছিল।

নথিতে আইপিওর পাশাপাশি আরও ২৬ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনার কথাও ছিল। আইপিওর নির্ধারিত দামেই অ্যানথ্রপিকের ‘ক্লাস এন’ সাধারণ শেয়ারে এ অর্থ বিনিয়োগ করার কথা রয়েছে। আইপিও শেষ হওয়ার পরপরই এ বিনিয়োগ কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল।

এ বিনিয়োগে অংশ নেওয়ার কথা ছিল অ্যালফাবেটের গুগল, এনভিডিয়া, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস, ব্রডকম, মাইক্রন টেকনোলজি, মাইক্রোসফট ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি)।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করার কথা ছিল অ্যানথ্রপিকের। পরবর্তী সপ্তাহে আইপিওর মূল্য নির্ধারণের সম্ভাবনা ছিল। তবে মূল্যসংক্রান্ত তথ্য প্রত্যাহারের পর এ কার্যক্রমের সময়সূচি বা সংশোধিত প্রস্তাব সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে এআই খাতের প্রতিষ্ঠানগুলোর আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়ছে। সুদের হার বৃদ্ধি এবং এআই প্রযুক্তি পরিচালনাকারী প্রতিষ্ঠানের শেয়ার ও বন্ডের দরপতনের কারণে অবকাঠামো ও তথ্যকেন্দ্র খাতের কয়েকটি কোম্পানি পুঁজিবাজারে আসার পরিকল্পনা পিছিয়েছে বা বাতিল করেছে। এআই খাতে বিপুল বিনিয়োগের দীর্ঘমেয়াদি সুফল নিয়েও প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীদের একাংশ।

এর আগে অ্যানথ্রপিকের সম্ভাব্য মূল্যায়ন ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারকে মূল্যায়নের উচ্চসীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কয়েকজন নির্বাহী অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এবং তাঁর বোন ড্যানিয়েলা আমোদেই এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন। ড্যানিয়েলা বর্তমানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। তাদের তৈরি এআই মডেল ‘ক্লড’ বাজারে পরিচিতি পেয়েছে।

গুগল ও অ্যামাজন অ্যানথ্রপিকের বিনিয়োগকারী হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কম্পিউটিং সক্ষমতা ও প্রযুক্তি সরবরাহ করছে। একই সঙ্গে তারা অ্যানথ্রপিকের পণ্য বিতরণের অংশীদার এবং এআই বাজারে প্রতিদ্বন্দ্বীও। এসব প্রতিষ্ঠানের সঙ্গে অ্যানথ্রপিকের প্রায় ৯০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে।

অন্যদিকে ব্যবসার আয় বাড়লেও অ্যানথ্রপিকের প্রবৃদ্ধির গতি কমেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তিন মাসে প্রতিষ্ঠানটির আয় প্রায় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছায়। মাসের শুরুতে সংশোধিত নথিতে এ তথ্য প্রকাশ করা হয়। তবে একই সময়ে প্রান্তিকভিত্তিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

অ্যানথ্রপিকের আইপিওর চূড়ান্ত মূল্য, শেয়ারের সংখ্যা এবং সংশোধিত নথিতে কী পরিবর্তন আসবে, তা এখনো স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It