1. news@gmail.com : news :

শপথ নিচ্ছেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের ১২০ সদস্য

  • Update Time : Tuesday, November 10, 2026

মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্য। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনে জোটের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট।

গত রোববার সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট এ জন্য ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে প্রেসিডেন্ট তাঁর সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। জোট গঠনে সফল হলে সাত দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের আয়োজন করতে হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই সরকার গঠন করতে পারবেন তিনি।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের আসন ৫৩টি। দুই আরব দলের ১৯টি আসন যুক্ত হলে আইজেনকটের পক্ষে সমর্থন দাঁড়ায় ৬৭টি আসনে। তবে তাঁর জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যানের দলের সাত সদস্য আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা আইজেনকটের জন্য কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে নেতানিয়াহুর সাবেক দুই মিত্র ধর্মীয় দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। দল দুটির মোট আসন ১৩টি। তবে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্নে মতপার্থক্য রয়েছে। এর বিকল্প হিসেবে তাঁদের জন্য বেসামরিক জাতীয় সেবার প্রস্তাব দিয়েছেন আইজেনকট।

অন্যদিকে আইজেনকট ও নেতানিয়াহু দুজনই জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিলেও নেতৃত্বের প্রশ্নে তাঁদের মধ্যে মতবিরোধ রয়েছে।

আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য অন্য কাউকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন। শেষ পর্যন্ত কেউ সরকার গঠনে সক্ষম না হলে ইসরায়েলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It