এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। এর আগে কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করেন।
মাকসুদুর রহমান সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করেন।
প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক খাতের এই বিশেষজ্ঞের ৩৫টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
তার রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ গ্রন্থটি পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে আর্থিক খাতসংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশগ্রহণ করেছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply