সংঘাত, হানাহানি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশকে সহনশীল রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সংঘর্ষ ও হানাহানির পথ পরিহার করে আলাপ-আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে আর কখনো হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকারের অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। ঠাকুরগাঁওসহ পুরো অঞ্চলের মানুষের জন্য এটি আনন্দের দিন। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
রাষ্ট্রপতির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার দ্বার আরও এক ধাপ উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে দেওয়া হয় গার্ড অব অনার।
সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে। রাষ্ট্রপতির চলাচলের পথ ও কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবলয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply