শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। তবে ছুটির আগে ১৭ অক্টোবর (শনিবার) সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
ব্যাংকের পাশাপাশি দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময় লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পুঁজিবাজারের লেনদেন সরাসরি সম্পৃক্ত থাকায় একই ছুটির সূচি অনুসরণ করা হবে।
তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ নির্দেশনার আওতায় সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply