পুঁজিবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেনে বিধিনিষেধ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ নিষেধাজ্ঞা জারির পরও প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহের নামে থাকা একাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিআইসিএমে যোগদানের পর প্রায় সাড়ে ১১ মাসে তাঁর নামে থাকা তিনটি সক্রিয় বিও হিসাবে মোট ৩৭৭টি এন্ট্রি হয়েছে। এর মধ্যে ৩৭১টি শেয়ার স্থানান্তর এবং ছয়টি করপোরেট কার্যক্রমের মাধ্যমে শেয়ার জমার ঘটনা। এ সময়ে ৭৮টি তালিকাভুক্ত কোম্পানির ১২ লাখ ৪৩ হাজারের বেশি শেয়ার স্থানান্তর বা জমার তথ্য পাওয়া গেছে।
বিএসইসির গত ১ সেপ্টেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী, বিআইসিএমসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত কিছু বিনিয়োগপণ্য ছাড়া অন্য কোনো সিকিউরিটিজে বিনিয়োগ বা লেনদেন করতে পারেন না। তাৎক্ষণিকভাবে কার্যকর করা ওই নির্দেশনার পরও ওয়াজিদ হাসান শাহের বিও হিসাবের বিবরণীতে একাধিক শেয়ার স্থানান্তরের তথ্য রয়েছে।
তবে তাঁর দাবি, বিএসইসির নির্দেশনা হাতে পাওয়ার আগেই কিছু লেনদেন হয়ে থাকতে পারে। পরবর্তী সময়ে হিসাবে জমা হওয়া শেয়ার বোনাস শেয়ারও হতে পারে। যদিও সংশ্লিষ্ট নথিতে ৩ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে হওয়া ১১টি এন্ট্রির সবকটিই শেয়ার স্থানান্তর হিসেবে উল্লেখ রয়েছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, বিষয়টি কমিশনের নজরে এসেছে। বিধিনিষেধ লঙ্ঘন করে কেউ লেনদেন করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিডিবিএলের নথি অনুযায়ী, ওয়াজিদ হাসান শাহের নামে বর্তমানে তিনটি সক্রিয় একক বিও হিসাব রয়েছে। এর মধ্যে প্রথম হিসাবটি ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি খোলা হয়।
হেদায়েতুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডে খোলা প্রথম বিও হিসাবের গ্রাহক কোড ০০০০৩৪৭। আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে খোলা দ্বিতীয় হিসাবের গ্রাহক কোড ২৩৯ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে খোলা তৃতীয় হিসাবের গ্রাহক কোড ২৩৭৯। তিনটি হিসাবেই হিসাবধারীর নাম, বাবা-মায়ের নাম, ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর অভিন্ন।
পেশাগত পরিচয়ের ক্ষেত্রে দুটি বিও হিসাবে ‘ইকোনমিস্ট’ এবং অন্যটিতে ‘বিজনেস’ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অতীতে তাঁর নামে আরও দুটি বিও হিসাব ছিল। শাহেদ সিকিউরিটিজে ২০০৫ সালের ১০ জানুয়ারি খোলা একটি যৌথ হিসাব ২০০৭ সালের ১০ ডিসেম্বর বন্ধ করা হয়। অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজে ২০১৭ সালের ৩ জানুয়ারি খোলা আরেকটি হিসাব একই বছরের ১৭ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়।
নথিপত্র বলছে, ২০২৫ সালের ৬ অক্টোবর বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ওয়াজিদ হাসান শাহ। তাঁর তিনটি বিও হিসাবের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন বিবরণী পর্যালোচনা করে মোট ৩৭৯টি এন্ট্রি পাওয়া গেছে। এর মধ্যে দায়িত্ব গ্রহণের আগের ৫ অক্টোবর পর্যন্ত ছিল দুটি এন্ট্রি। বাকি ৩৭৭টি এন্ট্রি হয়েছে বিআইসিএমে যোগদানের পরের প্রায় সাড়ে ১১ মাসে।
এই সময়ে ৩৭১টি শেয়ার স্থানান্তর এবং ছয়টি করপোরেট কার্যক্রমের মাধ্যমে শেয়ার জমার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৭৮টি তালিকাভুক্ত কোম্পানির ১২ লাখ ৪৩ হাজারের বেশি শেয়ার স্থানান্তর বা জমার তথ্য পাওয়া গেছে। ৩৭৯টি এন্ট্রি বিবেচনায় শেয়ারের মোট পরিমাণ ১২ লাখ ৭৩ হাজারের বেশি।
গত ১ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০এ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের ওপর জরুরি বিধিনিষেধ আরোপ করেন।
এ নির্দেশনার আওতায় বিআইসিএম ছাড়াও স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) কর্মকর্তা-কর্মচারী ও পরিচালকদের অন্তর্ভুক্ত করা হয়।
নির্দেশনায় বলা হয়, এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত কয়েকটি বিনিয়োগপণ্য ছাড়া পুঁজিবাজারের সাধারণ শেয়ার বা ইক্যুইটি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথাও জানানো হয়।
ওয়াজিদ হাসান শাহের দুটি সক্রিয় বিও হিসাবের বিবরণী বিশ্লেষণে দেখা যায়, ৩ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সাত দিনে মোট ১১টি ডেবিট ও ক্রেডিট এন্ট্রি হয়েছে। এর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজের হিসাবে সাতটি এবং হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের হিসাবে চারটি এন্ট্রি রয়েছে।
বিবরণী অনুযায়ী, ৩ সেপ্টেম্বর আইডিএলসি সিকিউরিটিজের বিও হিসাব থেকে শাহজিবাজার পাওয়ার কোম্পানির ১০৬টি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫০০টি শেয়ার স্থানান্তর করা হয়। এতে উভয় কোম্পানির শেয়ার স্থিতি শূন্যে নেমে আসে।
এরপর ৭ সেপ্টেম্বর একই হিসাবে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলোর এক হাজার শেয়ার জমা হয়। ৯ সেপ্টেম্বর একই কোম্পানির আরও এক হাজার ৭৫০টি শেয়ার দুটি পৃথক বিও হিসাবে জমা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজের হিসাবে এক হাজার এবং হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের হিসাবে ৭৫০টি শেয়ার জমা হয়।
১০ সেপ্টেম্বর হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের হিসাব থেকে আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুই হাজার ৫০০টি শেয়ার স্থানান্তর করা হয়। এর ফলে ওই হিসাবেও শেয়ার স্থিতি শূন্য হয়ে যায়।
১৩ সেপ্টেম্বর আইডিএলসি সিকিউরিটিজের হিসাবে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫০০টি শেয়ার জমা হয়। পরদিন ১৪ সেপ্টেম্বর একই কোম্পানির আরও দুই হাজার শেয়ার দুটি পৃথক বিও হিসাবে জমা হয়। উভয় হিসাবে এক হাজার করে শেয়ার জমা হওয়ার তথ্য রয়েছে।
সর্বশেষ ২০ সেপ্টেম্বর দুটি বিও হিসাব থেকে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলোর মোট এক হাজার ৭৫০টি শেয়ার স্থানান্তর করা হয়। এর মধ্যে হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের হিসাব থেকে ৭৫০টি শেয়ার স্থানান্তরের পর স্থিতি শূন্য হয়। অন্যদিকে, আইডিএলসি সিকিউরিটিজের হিসাব থেকে এক হাজার শেয়ার স্থানান্তর করা হলেও সেখানে আরও এক হাজার শেয়ার অবশিষ্ট ছিল।
লেনদেন বিবরণীতে এসব কার্যক্রমের কোনোটিই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সাধারণ কেনাবেচা হিসেবে দেখানো হয়নি। প্রতিটি ক্ষেত্রেই ‘ট্রান্সফার’ বা স্থানান্তর হিসেবে এন্ট্রি রয়েছে। পাশাপাশি দুটি কাউন্টারপার্টি বিও হিসাব নম্বরও উল্লেখ করা হয়েছে। হিসাব দুটি হলো ১২০২০৫০০০০০৩৮৭৭১ এবং ১২০৩৬৮০০০৮০৭৮১৮৭।
তবে এসব বিও হিসাবের প্রকৃত সুবিধাভোগী কারা, ওয়াজিদ হাসান শাহের সঙ্গে তাঁদের সম্পর্ক কী এবং কী উদ্দেশ্যে শেয়ারগুলো স্থানান্তর করা হয়েছে, তা সংশ্লিষ্ট নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ওয়াজিদ হাসান শাহও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন বিবরণীর সর্বশেষ স্থিতি অনুযায়ী, ওয়াজিদ হাসান শাহের তিনটি সক্রিয় বিও হিসাবে ৩৩টি তালিকাভুক্ত কোম্পানির মোট ৭ লাখ ৬২ হাজার ৮৩২টি শেয়ার জমা ছিল।
এর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজের হিসাবে ২৪টি কোম্পানির ৪ লাখ ৯৭ হাজার ৮৮৫টি শেয়ার রয়েছে। হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের হিসাবে ২৩টি কোম্পানির ২ লাখ ৫২ হাজার ৪৪৭টি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের হিসাবে দুটি কোম্পানির ১২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।
তবে গত বছরের ১ অক্টোবরের আগে থেকে থাকা কোনো কোম্পানির শেয়ারে পর্যালোচনাধীন সময়ে লেনদেন না হয়ে থাকলে সেই শেয়ারের তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, বিএসইসির নিষেধাজ্ঞা জারির পর তিনি কোনো শেয়ার লেনদেন করেননি।
তাঁর বিও হিসাবের বিবরণীতে নির্দেশনা জারির পরও শেয়ার স্থানান্তরের তথ্য থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন, ১ সেপ্টেম্বর বিএসইসি নির্দেশনা জারি করলেও সেটি তাঁদের কাছে পৌঁছায় ১০ বা ১১ সেপ্টেম্বর। এর আগেই কিছু লেনদেন হয়ে থাকতে পারে।
২০ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের তথ্য থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সময়ে তাঁর বিও হিসাবে বোনাস শেয়ার জমা হয়ে থাকতে পারে। তবে বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, ৩ থেকে ২০ সেপ্টেম্বরের ১১টি এন্ট্রির কোনোটিই বোনাস শেয়ার বা করপোরেট কার্যক্রমের মাধ্যমে জমা হয়নি। সবগুলোই শেয়ার স্থানান্তর হিসেবে নথিভুক্ত। এর মধ্যে ১১ সেপ্টেম্বরের পরও ১৩, ১৪ ও ২০ সেপ্টেম্বর পাঁচটি এন্ট্রি রয়েছে। নথি অনুযায়ী, সর্বশেষ করপোরেট কার্যক্রমের মাধ্যমে শেয়ার জমার ঘটনা ঘটে ৯ আগস্ট।
ওয়াজিদ হাসান শাহ আরও বলেন, বিএসইসি সিকিউরিটিজে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু আগে থেকে থাকা বিও হিসাবে শেয়ার রাখা যাবে না এমন কোনো নির্দেশনা দেয়নি। এ কারণে তাঁর বিও হিসাবগুলোতে আগে থেকে থাকা শেয়ার রয়েছে।
নিজের বিনিয়োগের বিষয়টি গোপন করেননি উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে শেয়ার লেনদেনের তথ্য প্রকাশ করতে তাঁর আপত্তি নেই। চাকরির সাক্ষাৎকারের সময়ও মৌখিকভাবে জানিয়েছিলেন, তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করেন। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহারের কোনো সুযোগ নেই।
তিনি জানান, বিআইসিএমের কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের ওই আদেশের অনুলিপি দেওয়ার পাশাপাশি নোটিশ বোর্ডেও টানানো হয়েছে। এ বিধিনিষেধ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বিএসইসির কাছে চিঠিও পাঠানো হয়েছে। তবে ওই চিঠির জবাব পাওয়া গেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করেননি।
শেয়ারবাজার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য এমন বিধিনিষেধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াজিদ হাসান শাহ। তাঁর মতে, যাঁরা কারিগরি বিশ্লেষণ শেখান, তাঁদের নিজেদের শেয়ার লেনদেনের অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণ অনেকটাই তাত্ত্বিক হয়ে পড়ে। তাই প্রশিক্ষণ ও গবেষণার স্বার্থে এ বিধিনিষেধ পুনর্বিবেচনা করা প্রয়োজন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিএসইসি, বিএএসএম, দুই স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল এবং বিআইসিএমের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত শেয়ার লেনদেনে বিধিনিষেধ রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, তাঁরা ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও তালিকাভুক্ত বন্ড ছাড়া অন্য কোনো সিকিউরিটিজে লেনদেন করতে পারবেন না।
তিনি আরও বলেন, আগে এ বিধিনিষেধ আরও কঠোর ছিল। পরবর্তী সময়ে কিছুটা শিথিল করা হলেও নির্ধারিত বিনিয়োগপণ্যের বাইরে তাঁদের বিনিয়োগের সুযোগ নেই। এরপরও কেউ নিয়ম লঙ্ঘন করে লেনদেন করলে প্রমাণের ভিত্তিতে কমিশন ব্যবস্থা নেবে।
এর আগে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছিলেন, বিষয়টি কমিশনের নজরে এসেছে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাঁদের বিষয়ে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply