বর্তমানে দেশে ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী বলেন, নিবন্ধিত জিআই পণ্যের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বস্ত্র, কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, হস্তশিল্প ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন পণ্য, যা দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও আঞ্চলিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়।
তিনি জানান, জিআই পণ্যের তালিকায় রয়েছে জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ, ঢাকাই মসলিন, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, দিনাজপুরের কাটারিভোগ চাল, কালিজিরা চাল, রংপুরের শতরঞ্জি, শীতলপাটি, নকশিকাঁথা, সুন্দরবনের মধু, মেহেরপুরের হিমসাগর আম, নওগাঁর নাক ফজলি আম, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত, ফজলি ও ল্যাংড়া আমসহ বিভিন্ন পণ্য।
এ ছাড়া তালিকায় আরও রয়েছে নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর অমৃতসাগর কলা, মৌলভীবাজারের আগর ও আগর আতর, গোপালগঞ্জের রসগোল্লা, টাঙ্গাইলের মধুপুরের আনারস, বরিশালের আমড়া, জয়পুরহাটের লতিরাজ কচু, মানিকগঞ্জের হাজারি গুড়সহ বিভিন্ন আঞ্চলিক পণ্য।
শিল্পমন্ত্রী বলেন, জিআই স্বীকৃতি দেশের স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং, আন্তর্জাতিক বাজারে পরিচিতি বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply