1. news@gmail.com : news :

চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানত ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Monday, August 24, 2026

বছরের পর বছর অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটে সংকটে পড়া চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের ধাপে ধাপে আমানতের অর্থ পরিশোধের প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ স্কিম ঘোষণা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক।

অবসায়নের আওতায় থাকা আবিবা ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, এফএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরতের স্কিমও চূড়ান্ত করা হয়েছে। সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় তহবিল ছাড়ের পর গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবিত স্কিম অনুযায়ী, কোনো ব্যক্তির আমানত ১০ লাখ টাকা পর্যন্ত হলে প্রথম ধাপে পুরো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ পরিশোধ করা হতে পারে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে ফেরত দেওয়ার হারও কমবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা আরিফ হোসেন খান বলেন, পূর্ণাঙ্গ স্কিমে আমানতকারীদের অর্থ ফেরতের পুরো সময়সূচি উল্লেখ থাকবে। কারা কত টাকা সম্পূর্ণ বা আংশিক ফেরত পাবেন, আংশিক অর্থ পেলে বাকি টাকা কখন এবং কীভাবে পরিশোধ করা হবে-এসব বিষয়ও সেখানে স্পষ্ট করা হবে।

তিনি জানান, আমানতকারীদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। এর মাধ্যমে প্রথম ধাপে কত শতাংশ অর্থ দেওয়া হবে এবং অবশিষ্ট অর্থ কখন পরিশোধ করা হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন গ্রাহকেরা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতেই হবে। যেভাবে সম্ভব, সে অনুযায়ী অর্থ ফেরতের ব্যবস্থা করে অবসায়ন প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। একই সঙ্গে অদক্ষ ও দুর্বল এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, অবসায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা সম্পদের মূল্যায়ন করে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও অনিয়মে জর্জরিত এসব প্রতিষ্ঠানের কারণে বিপাকে পড়েছিলেন অসংখ্য আমানতকারী। নতুন স্কিম বাস্তবায়িত হলে অন্তত ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের একটি বড় অংশ দ্রুত অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It