পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।”
তিনি আরও বলেন, “আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের জন্য প্রস্তুত।”
তারেক রহমান উল্লেখ করেন, ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। তিনি হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ইমান, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের দৃষ্টান্তের কথাও স্মরণ করেন।
পোস্টে তিনি আরও লেখেন, “পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”
একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করে তারেক রহমান বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply