1. news@gmail.com : news :

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি

  • Update Time : Thursday, November 13, 2025

দেশের সবচেয়ে বড়ো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসায় প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বড়ো লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন এ কোম্পানিটির আয় হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। তা সত্ত্বেও উৎপাদন খরচের চাপে আলোচিত সময়ে কোম্পানির ২৪৯ কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। তবে, কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৮ হাজার ২৬৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির আয় বেড়েছে ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৯ শতাংশ।

আলোচ্য সময়ে তিতাসের গ্যাস উত্তোলন ও সঞ্চালন বাবদ খরচ হয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা, যা কোম্পানির মোট আয়ের চেয়েও ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এই বড়ো উৎপাদন ব্যয়ের ভারে কোম্পানিটি সার্বিকভাবে বড়ো লোকসান করেছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই লোকসান হয়েছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২ দশমিক ১৩ শতাংশ।

তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই বছর কোম্পানির নিট লোকসান হয়েছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। পরের বছরে এই লোকসান আরো বেড়ে ৭৪০ কোটি ৮ লাখ টাকা হয়েছিল। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে যা আরো বেড়ে ৭৭২ কোটি ৪ লাখ টাকা নিট লোকসান হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It