1. news@gmail.com : news :

১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়: স্থানীয় সরকার মন্ত্রী

  • Update Time : Sunday, July 19, 2026

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের ক্ষতি অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাষ্ট্র পুনর্গঠনের সেই কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি নতুন করে রাষ্ট্র নির্মাণের এই সুযোগ সবাইকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটর’স কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তাল জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনে শহীদ ৫ সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা করে অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেদিন বাতিল হলো, সেদিনই ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া গিয়েছিল। দীর্ঘকাল আওয়ামী লীগ তাদের নীলনকশা ও একদলীয় শাসন চাপিয়ে দিতে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা খুব ভালো করে জানি, এত অল্প সময়ে এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু কাজটা শুরু হয়েছে এবং গণতান্ত্রিক শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই বিতর্কের অবসান হওয়া উচিত। সনদে পরিষ্কার বলা আছে, যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে নিজেদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। আমরা এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করব।’ এ সময় তিনি সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।

বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি এবং নির্বাচনের মধ্যদিয়েই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ করতে চাই।’

বিগত সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে।

এডিটর’স কাউন্সিলের এই অনুষ্ঠানে আলোচকরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি বিগত আমলের তোষামোদি সাংবাদিকতার তীব্র সমালোচনা করেন। তোষামোদি পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It