বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) ব্যবস্থাপনায় আজ ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকার গুলশান-১-এ অবস্থিত জাতীয় শুটিং কমপ্লেক্সে ‘ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করেন।

তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সাফল্য বয়ে আনা খেলাগুলোর মধ্যে শুটিং অন্যতম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শুটার তুলে আনতে এ ধরনের ওপেন টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পক্ষ থেকে শুটিংয়ের মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
”সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান অংশগ্রহণকারী সব শুটার, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক পরিবেশে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের জাতীয় ও উদীয়মান শুটাররা নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন, যা আগামী দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়ক হবে।”
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন রাইফেল ও শুটিং ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক শুটার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply