ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
ব্যাংকটির ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ (এআরএফএল) উদ্যোগ ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তথ্যপ্রযুক্তি (মাঝারি) শ্রেণিতে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই), বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবি জানায়, প্রযুক্তির মাধ্যমে কৃষি ঋণ বিতরণকে আরও দ্রুত, সহজ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যেই ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ উদ্যোগটি চালু করা হয়েছে। এ উদ্যোগের আওতায় যোগ্য কৃষকদের এক দিনের মধ্যেই কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ব্যাংকটির মতে, এআরএফএল উদ্যোগের এই স্বীকৃতি ইউসিবির বৃহত্তর ডিজিটাল রূপান্তর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে সমন্বিত, সম্প্রসারণযোগ্য ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের কোর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান’-এর সক্ষমতাও এ পুরস্কারের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
পুরস্কার অর্জনকে বিশেষ করে কৃষি ও পল্লী উদ্যোগের ক্ষেত্রে একটি গর্বের মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ইউসিবি। ব্যাংকটি বলছে, আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে ডিজিটাল উদ্ভাবন ব্যবহারের ক্ষেত্রে তাদের চলমান প্রচেষ্টারই স্বীকৃতি এই পুরস্কার।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply