বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। মোট ৯৪টি চেকের মাধ্যমে এসব দাবি পরিশোধ করা হয়।
আইডিআরএ জানিয়েছে, সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকেরা। কোম্পানিটির ১ হাজার ৩৫০ গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫২৮ গ্রাহক।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফের ৬২৪ গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, হোমল্যান্ড লাইফের ১৫ গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, সানফ্লাওয়ার লাইফের ২০ গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা, বায়রা লাইফের ৮ গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা এবং গোল্ডেন লাইফের ৪ গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, ‘পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।’
তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
আইডিআরএর উদ্যোগের অংশ হিসেবে পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংস্থাটির মতে, দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বাড়বে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply