1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

  • Update Time : Monday, September 21, 2026

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। স্কিম দুটি হলো ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’। প্রতিটি স্কিমের তহবিলের আকার ১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত স্কিম দুটির জন্য পূবালী ব্যাংক পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এবং দেশের আর্থিক খাতকে আরও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে অর্থায়ন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এ স্কিমের আওতায় গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং পরিবেশসম্মত শিল্প উদ্যোগে অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে। এর ফলে পরিবেশবান্ধব বিনিয়োগ উৎসাহিত হওয়ার পাশাপাশি টেকসই উৎপাদন ব্যবস্থা ও দায়িত্বশীল শিল্পায়নের প্রসার আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অন্যদিকে, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক আরও ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইসিটি খাতের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্প্রসারণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন প্রযুক্তি ও সেবা বিকাশে সহায়তা করাই এ স্কিমের অন্যতম লক্ষ্য।

এ স্কিমের আওতায় সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, ফিনটেক, ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স, রোবোটিক্স ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় রয়েছে।

দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ এবং সম্ভাবনাময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অর্থায়ন সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে যোগ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়ার পাশাপাশি দেশের টেকসই শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It