1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংকের অন্তর্বর্তী বোনাস লভ্যাংশের প্রস্তাব নাকচ করেছে বিএসইসি

  • Update Time : Wednesday, November 18, 2026

পরিশোধিত মূলধন বাড়াতে প্রাইম ব্যাংকের অন্তর্বর্তী বোনাস লভ্যাংশ ঘোষণার প্রস্তাব নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিদ্যমান আইনে এ ধরনের লভ্যাংশ ঘোষণার সুযোগ নেই। পাশাপাশি বিশেষ ছাড় দিলে অন্য কোম্পানিগুলোর জন্য নজির তৈরি হতে পারে। এসব বিবেচনায় ব্যাংকটিকে বছরশেষের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে বোনাস ঘোষণার পরামর্শ দিয়েছে কমিশন।

প্রাইম ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ২১৮ কোটি ৬২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত নীতিমালায় নির্ধারিত ২ হাজার কোটি টাকার মূলধনসীমায় পৌঁছাতে আরও ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা প্রয়োজন। এই ঘাটতি পূরণে সংরক্ষিত মুনাফা থেকে প্রায় ৬৪ দশমিক ১২ শতাংশ অন্তর্বর্তী বোনাস লভ্যাংশ দিতে চেয়েছিল ব্যাংকটি।

এ জন্য গত ৭ অক্টোবর বিএসইসির কাছে ২০১৮ সালের ২০ জুন জারি করা প্রজ্ঞাপনের ৩(২) ধারা থেকে বিশেষ অব্যাহতির আবেদন করে প্রাইম ব্যাংক। আবেদন পর্যালোচনা করে গত ১৫ নভেম্বর ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, বিদ্যমান আইনের কারণে এ ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা, ২০১৫-এর ১৬(১) বিধিতে অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণা নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে কোম্পানি আইন, ১৯৯৪-এর প্রথম তফসিলের ৯৭ নম্বর বিধিতে মুনাফার ভিত্তিতে অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার পৃথক অনুমতি নেই।

বিএসইসির ২০২২ সালের প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তে মূলধন বৃদ্ধির প্রয়োজনে বোনাস শেয়ার দেওয়ার সুযোগ রয়েছে। তবে ওই প্রজ্ঞাপন অন্তর্বর্তী বোনাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। ফলে কমিশন ২০১৮ সালের প্রজ্ঞাপন থেকে অব্যাহতি দিলেও অন্যান্য আইনি বাধা দূর হবে না।

বিএসইসি সূত্র জানিয়েছে, প্রাইম ব্যাংককে বিশেষ ছাড় দিলে অন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোও একই সুবিধা চাইতে পারে। এতে অন্তর্বর্তী বোনাস ঘোষণার নতুন নজির তৈরি হবে। কমিশন এমন পরিস্থিতি এড়াতে চায়।

আরেকটি উদ্বেগ হচ্ছে, কোনো কোম্পানির বছরের মধ্যবর্তী সময়ে অনিরীক্ষিত হিসাবে মুনাফা থাকলেও বছরশেষে তা কমে যেতে পারে। তখন পর্যাপ্ত বিতরণযোগ্য মুনাফা না থাকলে সংশ্লিস্ট কোম্পানির আগেই ঘোষিত বোনাস বাস্তবায়ন কঠিন হবে। এতে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তবে প্রাইম ব্যাংকের বোনাস ঘোষণার পথ পুরোপুরি বন্ধ হয়নি। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘আমরা প্রাইম ব্যাংককে পরামর্শ দিয়েছি হিসাববছর শেষে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার সময় প্রয়োজনীয় বোনাস লভ্যাংশ ঘোষণা দিতে। সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদনও প্রয়োজন হবে না।’

চলতি হিসাববছরের প্রথম নয় মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪১ টাকা ৯ পয়সা। বোনাস শেয়ার ইস্যুতে শেয়ারসংখ্যা বাড়লে একই মুনাফা ও নিট সম্পদের ভিত্তিতে সূচক দুটি আনুপাতিকভাবে সমন্বিত হয়ে কমবে।

নয় মাস শেষে ব্যাংকটির সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ কোটি টাকা। প্রয়োজনীয় ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা এর প্রায় ৩৫ শতাংশ। তবে এই মুনাফার কতটুকু বোনাস হিসেবে বিতরণযোগ্য, তা নির্ভর করবে নিরীক্ষিত হিসাব ও নিয়ন্ত্রক শর্তের ওপর।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাধারণ লভ্যাংশ নীতিমালায় নির্ধারিত শর্তে নগদ ও বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশের সীমা রয়েছে। ফলে ৬৪ শতাংশের বেশি বোনাস দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।

সংশ্লিষ্টদের ধারণা, মূলধন বৃদ্ধির উদ্দেশ্য বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বিশেষ অনুমোদনের বিষয়টি ইতিবাচকভাবে দেখতে পারে।

বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোনাস শেয়ারে পরিশোধিত মূলধন বাড়লেও ব্যাংকে নতুন নগদ অর্থ আসে না। সংরক্ষিত মুনাফার একটি অংশ পরিশোধিত মূলধনে স্থানান্তরিত হয়। ফলে ব্যাংকটির পরিকল্পনা বাস্তবায়নে এখন নিরীক্ষিত বার্ষিক হিসাব ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। সূত্র: ঢাকা স্ট্রিট জার্নাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা-ভাঙচুর সূচকের উত্থানে চলছে লেনদেন শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রাইম ব্যাংকের অন্তর্বর্তী বোনাস লভ্যাংশের প্রস্তাব নাকচ করেছে বিএসইসি দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি কত? মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছারের পরিচালক হিসেবে যোগদান শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে অর্থ পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা হাইটেক পার্কে বিনিয়োগকারীদের কর অব্যাহতির সুবিধা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It