1. news@gmail.com : news :

উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • Update Time : Tuesday, August 11, 2026
অলিম্পিক

উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, উৎপাদন সক্ষমতা বাড়াতে চলতি বছরের মার্চেও একাধিক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রয়েছে নিজস্ব প্যাকেজিং সুবিধা সম্প্রসারণে একটি নতুন সিঙ্গেল কার্টন মেকিং প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন এবং তিনটি কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

কোম্পানিটি এ প্রকল্পে চীন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের যন্ত্রপাতি আমদানি করছে। নতুন কার্টন প্ল্যান্ট চালু হলে বছরে প্রায় ৩৯৪ দশমিক ২০ মিলিয়ন বর্গমিটার করুগেটেড বোর্ড উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মদনপুর, কুতুবপুর ও লোলাটি কারখানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে জ্বালানি ব্যয় কমানোর পরিকল্পনাও বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It