1. news@gmail.com : news :

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

  • Update Time : Sunday, October 18, 2026

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল। আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যে বাংলাদেশ পর্যটনের সম্ভাবনাময় একটি দেশ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ দেশে নানা পর্যটন আকর্ষণ রয়েছে। পর্যটন খাতের বিকাশে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে দেশটি সহযোগিতা করেছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে সরকার প্রস্তুত। বিদেশি বিনিয়োগে উভয় পক্ষের জন্য লাভজনক পরিবেশ তৈরি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এগোতে চায় সরকার।

সভায় জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপান আন্তরিক এবং দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। এ সময় তারা পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।

ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার আনন্দের সঙ্গে গ্রহণ করছে। প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা পড়লে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের পর্যটনকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল দ্রুত পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It