1. news@gmail.com : news :

আইডিআরএর নামে ভুয়া সার্কুলার, সতর্ক করল কর্তৃপক্ষ

  • Update Time : Tuesday, September 29, 2026

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নামে মোটর বীমার প্রিমিয়াম হার সংক্রান্ত একটি ভুয়া সার্কুলার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর ওই সার্কুলারকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে আইডিআরএ।

আইডিআরএর জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সার্কুলারটির সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। আইডিআরএ এ ধরনের কোনো সার্কুলার জারি করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভুয়া সার্কুলারে মোটর বীমা পলিসির প্রথম পক্ষের (ফার্স্ট পার্টি) কমপ্রিহেনসিভ ইনস্যুরেন্স কভারেজের জন্য নতুন প্রিমিয়াম হার নির্ধারণের কথা বলা হয়েছে। এতে ১ হাজার ৬০০ সিসি পর্যন্ত সেডান গাড়ির জন্য বার্ষিক প্রিমিয়াম ৫ হাজার ৫০০ টাকা, ১ হাজার ৬০১ থেকে ২ হাজার সিসি পর্যন্ত সেডানের জন্য ৭ হাজার টাকা, ২ হাজার সিসি পর্যন্ত এসইউভি/জিপের জন্য ৯ হাজার ৫০০ টাকা, ২ হাজার সিসির বেশি এসইউভি/জিপের জন্য ১২ হাজার টাকা এবং মাইক্রোবাস/ভ্যানের জন্য ১০ হাজার ৫০০ টাকা প্রিমিয়াম নির্ধারণের কথা উল্লেখ রয়েছে।

সার্কুলারটিতে দাবি করা হয়, বর্তমান বাজার পরিস্থিতি, পুনঃবীমা খরচ, মেরামত ব্যয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের ঝুঁকি বিশ্লেষণ করে এসব প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে। এমনকি সার্কুলারে আইডিআরএর স্মারক নম্বর, তারিখ এবং একজন কর্মকর্তার স্বাক্ষরও ব্যবহার করা হয়েছে।

তবে আইডিআরএ বলছে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। কর্তৃপক্ষের নামে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মী, অংশীজন ও সাধারণ জনগণকে কোনো তথ্য বা সার্কুলার প্রচার বা প্রকাশের আগে আইডিআরএর অফিসিয়াল ওয়েবসাইট, ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

আইডিআরএর জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কর্তৃপক্ষের নামে প্রচারিত কোনো নথির সত্যতা যাচাই না করে তা প্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It