1. news@gmail.com : news :

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল

  • Update Time : Wednesday, November 11, 2026

স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, ওষুধ বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দুই মন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদারের পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য খাতের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It