1. news@gmail.com : news :

ব্যাংকিং অ্যাপে ঝুঁকছে গ্রাহক, এক বছরে ব্যবহারকারী বেড়েছে তিনগুণ

  • Update Time : Sunday, October 4, 2026

দেশের ব্যাংকিং সেবায় অ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। এক বছরের ব্যবধানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে। গত জুলাই শেষে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজারের বেশি। অথচ গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল প্রায় ৭১ লাখ ৬৬ হাজার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর শেষে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী ছিল ৮৫ লাখ ৭২ হাজার। পরের মাস ডিসেম্বরেই তা উল্লেখযোগ্যভাবে বেড়ে ১ কোটি ৪৯ লাখ ছাড়িয়ে যায়। এরপর প্রতি মাসেই ব্যবহারকারী বাড়তে থাকে। সর্বশেষ গত জুলাইয়ে এ সংখ্যা ২ কোটি ৯ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে।

বর্তমান ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার এবং নারী ৩৮ লাখের বেশি।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং অ্যাপের ব্যবহার বাড়ার পেছনে অন্যতম কারণ বাংলা কিউআরের বিস্তার। আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে বাংলা কিউআর চালু করে। পরে চলতি বছরের ১ জুলাই থেকে সব প্রতিষ্ঠানের কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের অর্থ দ্রুত ব্যবসায়ীদের হিসাবে জমা হওয়ার সুবিধা এবং যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে অর্থ পরিশোধের সুযোগ থাকায় এ ধরনের অ্যাপের ব্যবহার আরও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, একসময় অ্যাপভিত্তিক লেনদেনকে মূলত মোবাইল আর্থিক সেবা বা এমএফএসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হতো। বাংলা কিউআর চালুর পর ব্যাংক ও এমএফএসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে।

তিনি বলেন, যেসব ব্যাংকের নিজস্ব অ্যাপ ছিল না, তাদেরও এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকিং অ্যাপের ব্যবহারকারী এবং এ মাধ্যমে লেনদেন দুটিই বাড়ছে।

তবে অ্যাপভিত্তিক সেবার পাশাপাশি ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং করেন এমন গ্রাহকের সংখ্যা কমছে। গত জুলাই শেষে ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৪ লাখ ৮৯ হাজার।

অ্যাপ ও ব্রাউজারভিত্তিক সেবা মিলিয়ে গত জুলাই শেষে দেশে মোট ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি। গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ৬৭ হাজার।

এদিকে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত জুলাইয়ে এসব অ্যাপ ব্যবহার করে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের আগস্টে এ মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা।

একক মাস হিসেবে ব্যাংকিং অ্যাপে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত জুনে। ওই মাসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮৪ হাজার ৩৪৯ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, জুনে কোরবানির ঈদ থাকায় ওই মাসে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেনের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.১ শতাংশ ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মারিকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ ব্যাংকিং অ্যাপে ঝুঁকছে গ্রাহক, এক বছরে ব্যবহারকারী বেড়েছে তিনগুণ সূচকের পতনে চলছে লেনদেন বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, ৭০০ বিদ্রোহী নিহতের দাবি জিকিউ বলপেনের পর্ষদ সভা ৮ অক্টোবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It