বিদেশি ঋণের অর্থ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ঋণের বিপরীতে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি অ্যাকাউন্ট) খোলা ও পরিচালনার ক্ষেত্রে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দেশের বৈদেশিক মুদ্রার সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি ঋণের বিপরীতে খোলা এফসি অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। অনুমোদনের আওতায় খোলা এসব হিসাবে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের শর্ত অনুযায়ী সুদ বা মুনাফা অর্জিত হতে পারে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্ধারিত ‘ফর্ম এলইউ’-এর মাধ্যমে ত্রৈমাসিক ভিত্তিতে বিদেশি ঋণের অর্থ ব্যবহারের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে জমা দিতে হবে।
ডিসেম্বর, মার্চ, জুন ও সেপ্টেম্বর প্রতিটি প্রান্তিকের শেষে এ প্রতিবেদন দাখিল করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি ঋণের অর্থ উত্তোলন ও ব্যবহার সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট এডি ব্যাংককে এফসি অ্যাকাউন্ট বন্ধ করে বিষয়টি বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে জানাতে হবে। তবে ঋণ চুক্তির শর্ত অনুযায়ী বিদেশি ঋণ পরিশোধের জন্য তহবিল সংরক্ষণের প্রয়োজন হলে ঋণ পুরোপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত হিসাবটি সচল রাখা যাবে।
এ ক্ষেত্রে আমদানি ব্যতীত রপ্তানি আয় এবং বৈধ উৎস থেকে টাকায় রূপান্তরিত অর্থ এফসি অ্যাকাউন্টে জমা করা যাবে। তবে পরবর্তী তিনটি কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের বেশি তহবিল ওই হিসাবে রাখা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি ঋণের অর্থ যে উদ্দেশ্যে অনুমোদন করা হয়েছে, কেবল সেই উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিবিধান এবং ঋণ চুক্তির শর্ত যথাযথভাবে পরিপালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট এডি ব্যাংকগুলোকে।
বাংলাদেশ ব্যাংকের আইবিএ এবং এসসিএনসিএল কর্তৃক যোগ্য ঋণগ্রহীতাদের অনুমোদিত বিদেশি ঋণের বিপরীতে এফসি অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ক্ষেত্রে নতুন নির্দেশনার বিধানগুলো প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যাংকের এডি শাখাগুলোকে অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply