পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অর্থায়ন আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় বিশেষ করে সবুজ শিল্প স্থাপন এবং সবুজ কারখানা ভবন নির্মাণে অর্থায়নকে উৎসাহিত করা হবে। চুক্তির ফলে সাউথইস্ট ব্যাংক এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তা ও গ্রাহকদের অগ্রাধিকারমূলক সুদহারে অর্থায়ন করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাউথইস্ট ব্যাংক দীর্ঘদিন ধরে টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব উদ্যোগে অর্থায়নকে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটির টেকসই অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের অতিরিক্ত পরিচালক মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ারুল বারী, যুগ্ম পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক মো. কামরুল ইসলাম, উপপরিচালক মো. মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির সিআরএম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে সাউথইস্ট ব্যাংকের অংশগ্রহণ দেশের পরিবেশবান্ধব শিল্প স্থাপন, সবুজ কারখানা নির্মাণ এবং টেকসই অর্থায়নের প্রসারে ব্যাংকটির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply