1. news@gmail.com : news :

জাপানি ব্যাংকের সঙ্গে জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

  • Update Time : Wednesday, October 28, 2026

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। দেশের উন্নয়ন ও বিভিন্ন খাতে বিনিয়োগে সহায়তার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। বিনিয়োগের অনুকূল নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সামঞ্জস্য রয়েছে।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের অনুরোধ জানানো হয়। জবাবে ব্যাংকটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It