1. news@gmail.com : news :

উন্নয়ন প্রকল্পে দাতব্য তহবিল টানতে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’

  • Update Time : Tuesday, October 13, 2026

উন্নয়ন প্রকল্পে দাতব্য তহবিল, বেসরকারি বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কাজে লাগাতে ‘ফিলানথ্রপি হাব’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বিশ্বব্যাংক গ্রুপ।

উন্নয়ন চাহিদা বাড়লেও সরকারি সম্পদের ওপর চাপ থাকায় দাতব্য প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে উদ্ভাবনী উদ্যোগগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা চলাকালে প্রথম বিশ্বব্যাংক গ্রুপ ফিলানথ্রপি ফোরামে এই হাব চালু করা হয়।

ফোরামে দাতব্য ফাউন্ডেশন, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও অংশীদার সংগঠনের ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।

বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা পাসকাল ডোনোহু বলেন, উন্নয়নের চাহিদা বাড়ছে, অন্যদিকে সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অংশীদারত্ব আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাতব্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্ভাবনী সমাধান বিশ্বব্যাংক গ্রুপের মূল লক্ষ্য এবং কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ফিলানথ্রপি হাব বিভিন্ন ধারণা, সম্পদ ও অংশীদারকে যুক্ত করে এসব সমাধান বৃহত্তর পরিসরে বাস্তবায়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে সুফল পৌঁছাতে সহায়তা করবে।

বিশ্বব্যাংক গ্রুপের তথ্যানুযায়ী, ফিলানথ্রপি হাব হবে সংস্থাটির সঙ্গে কাজ করতে আগ্রহী দাতব্য প্রতিষ্ঠান ও অংশীদারদের জন্য একটি সমন্বিত প্রবেশদ্বার। এর মাধ্যমে উন্নয়ন খাতে কোথায় দাতব্য পুঁজি, উদ্ভাবনী সমাধান ও বিশেষজ্ঞ জ্ঞান সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা চিহ্নিত করা হবে। পাশাপাশি জ্ঞান বিনিময়, নতুন অংশীদারত্ব এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে অর্থায়ন সমন্বয়ের মাধ্যমে পরীক্ষামূলক প্রকল্পের সফল অভিজ্ঞতাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ফোরামের ফাঁকে এশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ দাতব্য নেটওয়ার্ক এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন) এবং টেমাসেক ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিশ্বব্যাংক গ্রুপ।

এভিপিএনের আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে দাতব্য ফাউন্ডেশন, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের অংশীদাররা বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে পারবেন। এভিপিএন ‘হেলথ ওয়ার্কস’ কর্মসূচিতে কারিগরি সহায়তার অর্থায়নে একটি বিশেষ তহবিলের ঘোষণাও দিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ১৫০ কোটি মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার আওতায় আনা।

অন্যদিকে টেমাসেক ট্রাস্ট দাতব্য পুঁজি সংগ্রহ, বিভিন্ন অংশীদারকে একত্র করা এবং উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে। এর মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ও পানি খাতে বিশ্বব্যাংক গ্রুপের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ অ্যাগ্রিকানেক্ট, হেলথ ওয়ার্কস ও ওয়াটার ফরওয়ার্ড এর জন্য বৃহত্তর পরিসরে কার্যকর অংশীদারত্বের মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।

চার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ আয়োজনে ফোরাম

বিশ্বব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে ফিলানথ্রপি ফোরামটি আয়োজন করে এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক, ইনস্টিটিউট অব ফিলানথ্রপি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নেটওয়ার্ক অব ফাউন্ডেশনস ও করপোরেট ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং টেমাসেক ট্রাস্টের ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স।

ফোরামে দাতব্য অর্থায়নের পাশাপাশি গবেষণা, তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতাকে উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্বব্যাংক গ্রুপের ফিলানথ্রপি হাবে একটি জ্ঞান-অংশীদার নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এ নেটওয়ার্কে রয়েছে মো. ইব্রাহিম ফাউন্ডেশন, ল্যাটিমপ্যাক্টো, ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স এবং সেন্টার ফর এশিয়ান ফিলানথ্রপি অ্যান্ড সোসাইটি। কৌশল ও পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজস্প্যান, ডালবার্গ ও কো-এফিশিয়েন্ট গিভিং।

এ ছাড়া, যুক্ত হয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউট এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের লিলি ফ্যামিলি স্কুল অব ফিলানথ্রপি।

বিশ্বব্যাংক গ্রুপের মতে, উন্নয়ন খাতে দাতব্য সংস্থার ভূমিকা এখন শুধু অনুদান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এসব প্রতিষ্ঠান অনুদানের পাশাপাশি বিনিয়োগযোগ্য পুঁজি, বিশেষজ্ঞ জ্ঞান, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এবং বিভিন্ন অংশীদারকে একত্র করার সক্ষমতাও কাজে লাগাতে পারে। নতুন হাবের মাধ্যমে এসব সম্পদকে উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে পরীক্ষামূলক উদ্যোগ থেকে বৃহত্তর পরিসরে কার্যকর সমাধান বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের ১০০টির বেশি দেশে অর্থায়ন, নীতিগত পরামর্শ ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। ফিলানথ্রপি হাবকে সাধারণত ‘জনহিতকর কর্মকাণ্ড’, ‘জনকল্যাণমূলক দান’ বা ‘পরোপকারমূলক উদ্যোগ’ বলা যায়। এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পে দাতব্য ও বেসরকারি অংশীদারত্বের পরিসর বাড়িয়ে এসব উদ্যোগে আরও বেশি পুঁজি, জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে চায় সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It