1. news@gmail.com : news :

শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

  • Update Time : Thursday, April 16, 2026

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু হচ্ছে এ বছরের হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে রওনা হবে।

এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সাউদিয়া তিনটি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরবে যাবেন। এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল দল সেখানে পৌঁছেছে।

এ বছর প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন সেবা পাওয়া যাবে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীরা দেশে থেকেই কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে গিয়ে হোটেল লবিতে এটি সংগ্রহ করবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ বহন করবে সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।

আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It