দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন দি ইকোনোমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ইন্সটিটিউট-এর মধ্যকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলস্থ ঢাকা চেম্বার অডিটোরিয়ামে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, স্থানীয় ও বৈশ্বিক পরিবর্তনশীল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গণমাধ্যমের অর্থনৈতিক বিষয়ক সংবাদসমূহ খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। ডিসিসিআই এবং ইআরএফ’র যৌথ উদ্যোগ আয়োজিতব্য প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক খাতের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে ঢাকা চেম্বারই প্রথম, যার সাথে ইআরএফ এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তিনি উল্লেখ করেন, গবেষণা কার্যক্রম পরিচালনায় ঢাকা চেম্বারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনাম রয়েছে এবং এ সমঝোতা স্মারকে আওতায় দেশের সামগ্রিক অর্থনীতি বিশেষকরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে যৌথভাবে গবেষণা কর্মসূচী পরিচালনার সুযোগ তৈরি হবে, যা সরকারের নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংষ্কার এবং বেসরকারিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় ঢাকা চেম্বারের মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী, ইআরএফ’র জেনারেল সেক্রেটারি আবুল কাসেম-সহ ইআরএফ’র এক্সিকিউটি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply